কুষ্টিয়া: জেলার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবা হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি রাজীব মিস্ত্রী (৩২)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-১২ ও র্যাব-৫ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকার একটি সেলুনের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রী দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে।
র্যাব আরও জানায়, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত পীর আব্দুর রহমান শামীম এর দেয়া ইসলাম ধর্মের পবিত্র কুরআন মাজিদ অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও ছড়িয়ে পড়ে। এর জেরে ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার দক্ষিণ ফিলিপনগরে তার আস্তানায় হামলা চালানো হয় । এ সময় হামলাকারীরা তাকে ও তার অনুসারীদের মারধর করে এবং আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গুরুতর আহত অবস্থায় শামীম জাহাঙ্গীরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ৪ জনসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২৭ এপ্রিল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামের দুই আসামিকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।