Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পোশাকসহ গাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২১:২৭

জব্দ হওয়া ভারতীয় শাড়ি ও থ্রি-পিস।

কুমিল্লা: কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে কুমিল্লার হিম্মতপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ঠেকাতে তাদের নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।