সিরাজগঞ্জ: টানা দুই দিনের বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জের তাড়াশের চলনবিল এলাকায় নুয়ে পড়েছে ইরি ও বোরো ধান। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কৃষকের কপালে।
তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তাড়াশ সদর, মাধাইনগর, তালম, বারুহাস, নওগাঁ ও মাগুরা বিনোদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অতিরিক্ত বৃষ্টির কারণে পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ধান কাটার উপযুক্ত সময় ঘনিয়ে এলেও হঠাৎ এই বৃষ্টিতে কৃষদের পরিকল্পনা ব্যাহত হয়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, অনেক কষ্ট ও খরচ করে ধান চাষ করেছেন। কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় এখন বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘দ্রুত আবহাওয়া অনুকূলে না এলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হবে।’
একই এলাকার কৃষক আব্দুল মালেক বলেন, ‘এখন ধান কাটার প্রায় উপযোগী সময়। ঠিক সেই সময় টানা বৃষ্টিতে ধান জমিতে লুটিয়ে পড়েছে।’ এখন আবার বৃষ্টি হলে ধানের মান নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তালম ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম জানান, সার, বীজ ও সেচে প্রচুর টাকা বিনিয়োগ করেছি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ধান নুয়ে পড়ায় লোকসানের আশঙ্কা করছি। দ্রুত আবহাওয়া ভালো না হলে তাদের বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ‘টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে অনেক এলাকায় ইরি ও বোরো ধান নুয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকদের জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা এবং ধান পরিপক্ব হলে যত দ্রুত সম্ভব কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে। আমাদের মাঠকর্মীরা কৃষকদের খোঁজ খবর রাখছেন এবং সঠিক পরামর্শ দিচ্ছেন।’