সাতক্ষীরা: জেলায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম সংগ্রহ করা যাবে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ,আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী- ০৫ মে- ২৬ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিসরা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহ করার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুঁশিয়ারি দেন।