কুষ্টিয়া: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমিকাকে বিয়ে করেছেন চেন বাও মিং নামে এক যুবক।
জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল এলাকার মধু মোল্লার একমাত্র মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন বাও মিংয়ের। কয়েক বছর আগে তাদের যোগাযোগ শুরু হলেও একসময় তা বন্ধ হয়ে যায়। পরে প্রায় ১ বছর আগে ফের যোগাযোগ শুরু হলে সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় এবং শেষ পর্যন্ত তা বিয়েতে গড়ায়।
গত ২০ এপ্রিল চীন থেকে বাংলাদেশে আসেন চেন বাও মিং। পরে ২ পরিবারের সম্মতিতে কুষ্টিয়া আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
চেন বাও মিং বলেন, তিনি নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে স্ত্রীকে নিয়ে চীনে ফিরতে চান।
তাসলিমার বাবা বলেন, মেয়ে সুখে থাকলে আমিও সুখী। সেই চিন্তা থেকেই এই বিয়ে দিয়েছি।
এদিকে, ভিন্ন দেশের এ বিয়ের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। চীনা জামাইকে এক নজর দেখতে ভিড় করছেন অনেকে।
ভাষা, সংস্কৃতি ও দেশের ভিন্নতা পেরিয়ে ভালোবাসা যে সব সীমান্ত অতিক্রম করতে পারে, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই নবদম্পতি।