Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ সরকারের সমালোচনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৯

কৃষক ও খামারিদের হাতে সার, বীজ ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়ার এক মুহূর্ত।

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে বেহাল অবস্থায় রেখে গেছে। তিনি দাবি করেন, এ পরিস্থিতিতে বর্তমান সরকার শূন্য হাতে কাজ শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে খরিপ-১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে। তারপরে ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস, তিনি চেষ্টা করে গেছেন। কিন্তু আওয়ামী লীগ এমন দেউলিয়া করে গেছে দেশের অর্থনীতির যে, অন্তর্বর্তীকালীন সরকার তেমন কিছুই দিয়ে যেতে পারেনি আমাদের। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে স্বচ্ছতা সাধন করছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন স্বচ্ছতা সাধন করতে; যে কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হব, ইনশাআল্লাহ্।’

আগামী পাঁচ বছরে দেশের অর্থনীতি নিয়ে সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো—দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করব।’

উল্লেখ্য, অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মধ্যে সার ও বীজ এবং প্রাণিসম্পদ খাতে ৩৫০ জন খামারির মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর