Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দূষিত ময়ূর নদীতে ভেলা বাইচ, নদী রক্ষার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৯

ভেলা বাইচের মুহূর্ত।

খুলনা: খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূর নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের দূষণ ও দখলের মধ্যেই এ আয়োজন ঘিরে নদী রক্ষার দাবি জোরালো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ‘খুলনা দিবস’ উপলক্ষ্যে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে খুলনা সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অংশ নেয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি, দখল ও বর্জ্য ফেলার কারণে ময়ূর নদী দূষণের চরম পর্যায়ে পৌঁছেছে। নদীর পানি কালচে হয়ে গেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

ভেলা বাইচের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘খুলনাকে বাঁচাতে হলে ময়ূর নদী রক্ষার বিকল্প নেই। সবার সহযোগিতায় নদী পুনরুদ্ধার করে নগরবাসীর বিনোদন ও পর্যটনের সুযোগ সৃষ্টি করতে হবে।’

এ ছাড়া, নদীতে অবৈধ দখল ও বাঁধ অপসারণের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। দুই রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে বিজয়ী হন মনিরুল, দ্বিতীয় হন অহিদুল এবং তৃতীয় হন আল আমিন শেখ। বিজয়ীরা সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা।

অনুষ্ঠানে উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়সহ অন্যরা।

আয়োজনে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ও দর্শকদের প্রত্যাশা, আগামী দিনে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন ময়ূর নদীতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর