সাতক্ষীরা: জেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২টি স্বর্ণের বারসহ মোসা. শিউলী আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভোমরা সীমান্ত এলাকার বাঁকাল চেকপোস্ট এলাকায় থেকে তাকে আটক করা হয়। বিকেলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মোসা. শিউলী আক্তার (২৩) সাতক্ষীরা শহরতলীর তালতলা গ্রামের মো. জুবায়ের এর স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বাঁকাল চেকপোস্ট কাছে অবস্থান করে। এ সময় ইজিবাইকযোগে খুলনা রোড মোড় হতে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় বাঁকাল চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিজিবির মহিলা সদস্যরা শিউলী আক্তারকে ইজিবাইক থেকে নামিয়ে তল্লাশি করে তার কাছে ২টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
পরে আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।