Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ৭, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৭:১১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৯

সড়কে পুড়ছে মোটরসাইকেল।

নাটোর: জেলার লালপুর উপজেলার গোধড়া বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এবং দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের আগে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর কিদমচিলান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দোহা ও মজনু পক্ষের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ঘটে এবং একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে।

সংঘর্ষে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে গুনাইহাটি এলাকার লোকজনও এতে জড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ছাড়া, উভয়পক্ষের আরও ছয়জন আহত হন।

বিজ্ঞাপন

ঘটনার সময় মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। এ সময় দু’টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

খবর পেয়ে লালপুর থানা, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) আব্দুস সালাম এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) এস. এম. রিরাজুল হাসানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গুরুতর আহত রাশেদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।