সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর সময় ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপচালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।
বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
তিনি জানান, ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্পের পাশে বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।