কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্মার্ট বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টিবিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা। এদের মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারসহ বেশ কিছু দেশি-বিদেশি সংস্থা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃধা ও কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টিহীনতা দূরীকরণ, মা ও শিশুর স্বাস্থ্যের যত্ন এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পুষ্টিকর খাবার মানে শুধু দামি খাবার নয়। আমরা প্রতিনিয়ত যা খাচ্ছি সেগুলোও পুষ্টিকর খাবার। নিয়ম অনুযায়ী এসব গ্রহণের মাধ্যমেও পুষ্টিহীনতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।