হিলি (দিনাজপুর): ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন ‘বিধানসভা নির্বাচন-২০২৬’ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, ভারতে বিধানসভা নির্বাচনের কারণে সে দেশের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতকরণে হিলি সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২৩ এপ্রিল এই বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না এবং বাংলাদেশ থেকেও কোনো পণ্য রফতানি হবে না।
তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টের অভ্যন্তরে আগে আসা ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ অন্যান্য সকল অভ্যন্তরীণ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক থাকবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা দুই দিনের বিরতি শেষে আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
হিলি ইমিগ্রেশনের চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুজ্জামান আরিফ বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে বিধানসভা নির্বাচন চলাকালীন সময়েও হিলি সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের যাত্রীদের সুবিধার্থে এবং জরুরি প্রয়োজনে যাতায়াত নির্বিঘ্ন করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক সজাগ রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাত্রীরা এই চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ ও বাংলাদেশে ফিরে আসতে পারবেন।’