টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ তারা পুনরায় এ দায়িত্ব গ্রহণ করেছেন।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন।
হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একইসঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দায়িত্ব গ্রহণের পর নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার।
বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন ‘সত্য ও ন্যায়ের জয় হয়েছে’ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও তিনি বলেন, জনগণের পাশে থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান।