Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে ইউপি সদস্য অপহরণ, মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:২১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:২৩

অপহরণের শিকার হওয়া ইউপি সদস্য।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। অপহরণের কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা দ্রুত রুস্তম আলীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘ঈদগাঁও-ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। আজ একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি।’

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়ক এখন ‘আতঙ্কের রুট’-এ পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি একজন জনপ্রতিনিধি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর