কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল এলাকার ছোট জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। কেউ বলছেন মশার কয়েল থেকে, কেউ বলছেন রান্নাঘরের চুলা থেকে আবার কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করছেন।
স্থানীয়দের দাবি, ঘরগুলো পাশাপাশি এবং অধিকাংশই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়েই লেলিহান শিখা পুরো জেলে পাড়ায় ছড়িয়ে যায়।
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা করিম বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি চারদিকে আগুন জ্বলছে। কিছুই বের করার সুযোগ পাইনি। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ইন-চার্জ জামিল বলেন, ‘খবর পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।