হিলি (দিনাজপুর): দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলায় জনবল ও ওষুধের তীব্র সংকটে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কিশোরীরা প্রজনন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়। তিনটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের জন্য একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও সেখান থেকে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার কথা থাকলেও ওষুধের অভাবে রোগীদের খালি হাতে ফিরতে হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২০ জন। অর্ধেকের বেশি পদ শূন্য থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে মেডিকেল অফিসারের পদটি শূন্য থাকায় প্রসূতি ও মাতৃত্বকালীন সেবা ব্যাহত হচ্ছে। টিকাদান কার্যক্রমের গতি কমেছে এবং আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে মানুষের আগ্রহ কমে যাচ্ছে।
সেবা নিতে এসে হতাশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা মোছা. মোমেনা। তিনি বলেন, ‘কেন্দ্রে গেলে অধিকাংশ সময় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী পাওয়া যায় না। প্রয়োজনীয় ওষুধও নিয়মিত সরবরাহ করা হয় না। আমরা গরিব মানুষ, ফ্রি চিকিৎসার আশায় এসে উল্টো নিরাশ হয়ে ফিরছি।’
শুধু জনবল নয়, অবকাঠামোগত সমস্যাও প্রকট। আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল ইমরান বলেন, কেন্দ্রগুলোর ভবনে ফাটল দেখা দিলেও দীর্ঘদিন তা সংস্কার করা হয়নি। সপ্তাহে মাত্র একদিন নামমাত্র ওষুধ সরবরাহ করা হয়। ফলে মানুষকে ১৩-১৪ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম পরিস্থিতির সত্যতা স্বীকার করে বলেন, ‘জনবল সংকট ও ওষুধের ঘাটতির বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সীমাবদ্ধতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এটা ঠিক। স্থানীয় জনগণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’
সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দারা দ্রুত জনবল নিয়োগ ও ওষুধ সরবরাহ নিশ্চিত করে সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।