Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২২:০২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২২:৫৫

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন রংপুর জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা।

রংপুর: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে রংপুর জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর এই আলটিমেটাম দেওয়া হয়। আগামী দুই দিনের মধ্যে দাবি পূরণ না হলে রংপুর থেকে সব ধরনের বাস-ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতাদের।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উত্থাপিত তিন দফা দাবি হলো—জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ, নৈরাজ্য রোধ করতে হবে, যাতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় না করা হয় এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে এবং পরিবহন খাতে লোকসান এড়াতে মালিক ও যাত্রীদের স্বার্থরক্ষার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

ওয়াসিমুল বারী রাজ বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়নি। ফলে আমাদের চরম লোকসান গুনতে হচ্ছে। আমরা একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও রংপুর জেলা মোটর মালিক সমিতি বিভিন্ন সময়ে ভাড়া ও যানবাহন চলাচল সংক্রান্ত দাবিতে আন্দোলন করেছে। গত মার্চ মাসে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ ছিল। ওই সময় মোবাইল কোর্টের রায়ে তিন শ্রমিকের সাজা দেওয়াকে কেন্দ্র করে সে ধর্মঘট শুরু হয়েছিল।

এ ছাড়া গত ২০২৩ সালের ৭ মার্চ বিএনপির সমাবেশের আগেও রংপুরে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল মালিক সমিতি। তখন তারা মহাসড়কে অননুমোদিত থ্রি-হুইলার বন্ধ এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছিল।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে মোটর মালিক সমিতির সভাপতি শরীফুল আলম, সহসভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো