বাগেরহাট: জেলার ফকিরহাটে এক কাঁচামাল ব্যবসায়ীকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর জখম কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আ. রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আহতের বাবা আ. রাজ্জাকও ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।
আটকরা হলেন- রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ সুমন (৩৬), তিনি বর্তমানে মোল্লাহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন। আরেক জন হলেন- রামপালের চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে কাঁচামাল ব্যবসায়ী আ. রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল আনার উদ্দেশে যাচ্ছিলেন। ফকিরহাট সুখদাড়া এলাকায় পৌছালে ২টি মটরসাইকেলে ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা-ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকায় ৪৫হাজার টাকা ছিনতাই করে।
এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুজনকে টেনে ধরে। এতে মটরসাইকেল থেকে ২ ছিনতাইকারী নিচে পড়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এসে তাদের আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এসময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
আহত আকবর হোসেনের বড় ভাই আলীশাহ শেখ জানান, কাঁচামাল আনতে পাইকারী আড়তে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার ভাইকে কুপিয়ে ও বাবাকে মারপিট করে টাকা ছিনতাই করে। এরপর পালিয়ে যাওয়ার সময় দুইজনকে স্থানীয় জনতা আটক করে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরুচুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।