কক্সবাজার: কক্সবাজার শহরে অভিনব কৌশলে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণির জলিলের দোকান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া দু’জন হলেন কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, ‘সোমবার রাতে কক্সবাজার শহর থেকে অ্যাম্বুলেন্সে মাদকের একটি চালান পাচারের গোপন তথ্য পেয়ে শহরের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে শহীদ সরণির জলিলের দোকান মোড় এলাকায় অবস্থান নেন ডিএনসির সদস্যরা।’
তিনি বলেন, ‘রাতের দিকে জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে ডিএনসির সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করেন। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, অভিযুক্ত রুমা আক্তার নিজেকে রোগী হিসেবে উপস্থাপন করে শুয়ে ছিলেন; যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।’
সোমেন মন্ডল আরও বলেন, ‘মাদক পরিবহণের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।’