Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৩২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩৬

ছবি: সংগৃহীত।

যশোর: যশোরে আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রচার লিফলেট বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে যশোর শহরের এইচ এম এম রোডে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

এসময় নেতৃবৃন্দ শহরের বড়বাজারের বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন কেবল আনুষ্ঠানিকতা নয় বরং এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। যা বিগত ১৭ বছর থমকে গিয়েছিলো। ’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে। প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের যে হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন করতে আসছেন সেই কলেজটিও তার মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি। দীর্ঘ ১৭ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা যশোরবাসীর স্বপ্নের ৫০০ শয্যার হাসপাতাল তৈরি করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পাশাপাশি পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশীর খাল পুনঃখনন করবেন। তিনি নির্বাচনের আগে যশোরবাসীকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর যে চাহিদাগুলো বাকি আছে সেগুলো তুলে ধরবো।

নেতাকর্মীরা জানিয়েছেন, ১৯৭৬ সালের ১ নভেম্বর দেশে প্রথম যশোরের শার্শার উলাশী থেকে যদুনাথপুর পর্যন্ত চার কিলোমিটার বিস্তৃতি খাল খনন কাজের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সেই সময়ে দলে দলে স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন সাধারণ মানুষ। ৬ মাসে খাল খনন সফল হয়। ৬ মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন জিয়াউর রহমান। স্থানীয়রা শ্রদ্ধাভরে ‘জিয়া খাল’ নামে ডাকেন। দীর্ঘ ৫০ বছরে উলাসী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর পর জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে আগামি ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের সঙ্গে যশোরের ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন করবেন। এছাড়া এদিন বিকালে শহরের ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও যশোরবাসীর ভিতরে বিরাজ করেছে উচ্ছ্বাস উদ্দীপনা।

স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোরবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন সেই ৫০০ শয্যা মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে। একই সাথে উন্নয়ন বঞ্চিত যে খরা সেটিও কাটবে বলে আশাবাদী তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর