কুমিল্লা: জেলার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ সোলেমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোলেমানের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক সোলেমান দুর্গাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি অবৈধ অস্ত্র সংরক্ষণ করে আসছেন—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানের সময় তার শয়নকক্ষ তল্লাশি করে একটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শামসুল আলম শাহ্ বলেন, ‘জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্রসহ সোলেমানকে ডিবি পুলিশ আটক করেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।’