Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট মার্টিনের কাছে সাগরে সিমেন্ট বোঝাই নৌকা জব্দ, আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:০২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:২৫

জব্দ হওয়া সিমেন্ট ও আটক ব্যক্তিরা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে সিমেন্ট বোঝাই একটি নৌকা জব্দ এবং ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার করা সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নৌবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্ট মার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা শনাক্ত করে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের নৌকাটিকে আটক করা হয়। আটক নৌকায় তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌবাহিনী সূত্র জানায়, জব্দ করা নৌকা ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বর্তমানে জব্দ করা নৌকা, উদ্ধার করা সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী।