Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র গরম ও লোডশেডিংয়ে রাজবাড়ীতে বাড়ছে হাতপাখার চাহিদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৮:১৬

হাতপাখার দোকানে ক্রেতাদের ভিড়।

রাজবাড়ী: রাজবাড়ীতে তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম থেকে সামান্য স্বস্তি পেতে মানুষ ঝুঁকছে হাতপাখার দিকে। এতে জেলায় বাড়ছে হাতপাখার চাহিদা ও বিক্রি।

সোমবার (২০ এপ্রিল) রাজবাড়ী শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, পাখা বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। তালপাতার পাখা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টায় ৬-৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এর সঙ্গে তীব্র তাপদাহে দিনযাপন কষ্টকর হয়ে উঠেছে।

পাখা কিনতে আসা অন্তর বলেন, ‘যেভাবে গরম পড়ছে এবং সাথে লোডশেডিং, দিনে কষ্ট সহ্য করে থাকা গেলেও রাতে আর সহ্য হয় না। এ ছাড়া, রাতে বেশি সমস্যা হয় বাচ্চাদের। তারা গরমে ঘুমাতে পারে না। হাতপাখা কিনতে এসে দেখি গরমের সঙ্গে সঙ্গে হাতপাখার বাজারেও আগুন। ৩০ টাকার পাখা চাচ্ছে ৬০ টাকা। দামাদামির সুযোগ নেই।’

বিজ্ঞাপন

আরেক ক্রেতা সুমাইয়া বলেন, ‘বেশ কিছু পাখার দোকানে ঘুরলাম। দোকানগুলোতে অনেক ভিড়। মনে হচ্ছে, সেই আগের সময়ে ফিরে যেতে হচ্ছে। ভেবেছিলাম তিনটি পাখা কিনবো, যে দাম ২টা কিনলাম। একদিকে অনেক গরম অন্যদিকে লোডশেডিং; পাখাতে একটু হলেও উপকার হবে।’

শহরের পানবাজারের পাখা বিক্রেতা রবিন বলেন, ‘এখন তালগাছ খুবই কম দেখা যায়। আমরা আগে পাখা কম দামে কিনতাম, কম দামে বিক্রি করতাম। কিন্তু এখন বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তালপাতার পাখা মানভেদে বিক্রি করছি ৫০ থেকে ৬০ টাকায়, বাঁশের হাতলের পাখা বিক্রি করছি ৪০ থেকে ৫০ টাকায়।’

প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনে হাতে তৈরি পাখার ব্যবহার কমে গেলেও বর্তমান পরিস্থিতিতে আবারও এর চাহিদা বেড়েছে। স্থানীয়দের মতে, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই চাহিদা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর