Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
আম বাগান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি, ১১ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:২৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২৩:২৬

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ে আম বাগান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে অসংখ্য আম গাছের ডাল ভেঙে পড়ে এবং গাছ উপড়ে যায়। এতে গাছভর্তি কাঁচা আম ঝরে পড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েন আমচাষিরা। পাশাপাশি অনেক ঘরবাড়ির টিনের চাল উড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ঝড়ের সময় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহকরা প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, দিনভর তীব্র গরমের পর সন্ধ্যায় সামান্য বৃষ্টি হলেও রাত ১২টার দিকে হঠাৎ বজ্রপাতসহ ঝড়ের তীব্রতা বেড়ে যায়। প্রবল বাতাসে মুহূর্তেই বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

শিবগঞ্জ পৌর এলাকার ছোটচক মাস্টারপাড়ার বাসিন্দা ইসরাইল হোসেন বলেন, রাতের ঝড়ের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানা যায়, ইসরাইল মোড় ও সহড়াতলাসহ বিভিন্ন স্থানে নেসকোর একাধিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জালমাছমারি এলাকার আমচাষি সেরাজুল ইসলাম বলেন, ‘গাছে ঝুলে থাকা আম ঝড়ে পড়ে গেছে, অনেক ডাল ভেঙে গেছে। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে।’

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে শিবগঞ্জের নেসকোর আবাসিক প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ‘৩৩ কেভি লাইনের কিছু খুঁটি ভেঙে ও হেলে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামতের কাজ চলছে।’

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, পুকুরিয়া ও ছত্রাজিতপুর এলাকায় কয়েকটি খুঁটি ভেঙে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর