সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষক নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকেরা হাওড়ে ধান কাটার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ে বজ্রপাতে আবুল কালাম গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) আমিনুল ইসলাম।
জামালগঞ্জ উপজেলার পাগনার হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নিহত হন। তিনি চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) বন্দে আলী।
দিরাই উপজেলার কালিয়াগোটা হাওড়ে বজ্রপাতে লিটন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার।
ধর্মপাশা উপজেলায় পৃথক দু’টি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নিহত হন। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মোহাম্মদ শহীদ উল্যাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।