নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুইটি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের পর কোদাল দিয়ে খালের মাটি কেটে পুনর্খনন কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পরে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল দুইটি পুনর্খনন করা হচ্ছে। এর মধ্যে হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২ হাজার ৪০ মিটার দীর্ঘ একটি খালের জন্য ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এ ছাড়া, বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১ হাজার ২০০ মিটার দীর্ঘ আরেকটি খালের জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘প্রায় ৫৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিলেন। আমরা সেই সময় দেখেছি খাল খননের মাধ্যমে বাংলাদেশের সবুজ বিপ্লব হয়েছিল। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্যই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পর তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করে শুষ্ক মৌসুমে কৃষকরা উপকৃত হবেন। অন্যদিকে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এ ছাড়া, দেশীয় মাছের চাহিদা পূরণ হবে। খালের পাড়ে বিভিন্ন ধরনের ফলজ গাছ এবং শাক-সবজি চাষাবাদ হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে ভবিষ্যতে এসব খাল ভূমিকা রাখবে।’
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।