কুষ্টিয়া: কুষ্টিয়ায় পরিবহণ শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ৩২ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে জেলার সব রুটে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপার জসীম উদ্দিনের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, আলোচনায় সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এবং এখন সব রুটে বাস চলাচলে কোনো বাধা নেই।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় শ্রমিকরা কর্মবিরতি তুলে নিয়েছেন। তিনি ঢাকায় অবস্থান করায় বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও মালিকপক্ষের অন্যান্য নেতারা সেখানে ছিলেন।
এর আগে, দুই দফা দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মবিরতির ঘোষণা দেন পরিবহণ শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ বিভিন্ন রুটে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকে।
এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জ রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল।
কর্মবিরতির কারণে গত দুই দিন সংশ্লিষ্ট রুটগুলোর যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে ধর্মঘট প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।