Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতি তাড়াতে গিয়ে নিখোঁজ ৩ রোহিঙ্গা, অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:১৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২২

পাহাড়ি এলাকা। প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ এলাকায় হাতির উপদ্রব ঠেকাতে পাহারায় গিয়ে তিন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পাহারায় গেলে প’রে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ক্যাম্পের সি/১ ব্লকের বাসিন্দা শফিক আলম (৩২), মোহাম্মদ জয়নাল (১৩) ও শাহ আলম (১৬)।

ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাতির উপদ্রব থেকে ক্যাম্প রক্ষায় আরও দু’জনের সঙ্গে তারা পাশের পাহাড়ি এলাকায় পাহারায় ছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য দু’জন পালিয়ে এসে ব্লক মাঝিকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

ক্যাম্পের বাসিন্দা রমিজ উদ্দিন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। তিনি নিশ্চিত করেন, অপহৃত শফিক আলম ওই ক্যাম্পের বাসিন্দা কবির আহমেদের ছেলে। মোহাম্মদ জয়নাল একই ব্লকের সলিমের ছেলে এবং শাহ আলম জাফর আলমের ছেলে।

এ ঘটনায় চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএনের সিও (অতিরিক্ত ডিআইজি) কায়সার সিকদার বলেন, ‘ওই তিনজন রোহিঙ্গা শরণার্থী বুধবার (১৫ এপ্রিল) রাত পর্যন্ত নিখোঁজ রয়েছেন।’

তবে ঘটনাটিকে ‘অপহরণ’ বলতে নারাজ এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, ‘তারা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় চলে গিয়েছিল। দুইজন ফিরে এলেও তিনজন আসেনি। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’