খুলনা: খুলনা রেঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে বলে জানিয়েছেন ডিআইজি মো. রেজাউল হক পিপিএম। তিনি বলেন, নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ায় পুলিশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন।
ডিআইজি বলেন, ‘পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।’
তিনি জানান, নিয়োগকে কেন্দ্র করে দালালচক্রের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এবারের নিয়োগে প্রতিযোগিতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন।’
তিনি আরও জানান, কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, ‘আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন। পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।