পঞ্চগড়: কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয়, ধর্মীয় বা বর্ণভিত্তিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, উপযুক্ত ব্যক্তিদেরকেই এসব কার্ড দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার নিরপেক্ষভাবে কাজ করবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না। কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাকেই প্রদান করা হবে। বাংলাদেশের চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ সামনের দুই-তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করতে সক্ষম হবে সরকার।’
অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষকের জন্য কার্ড বরাদ্দ করা হয়।
ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন সভাপতিত্ব করেন। পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দু’টি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
এদিকে, পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।