Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি সংকটের মধ্যেই নাটোরে অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৫:০৬

শোডাউনের সময়কার চিত্র।

নাটোর: সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে তার এই আয়োজন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইএস কার ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে বিপুল পরিমাণ তেল পুড়িয়ে এমন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মাসুদ রানা প্রামানিক বলেন, ‘জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই শোডাউনে অংশ নেওয়া গাড়িগুলোকে বুকিং করা ছিল।’

তিনি বলেন, ‘এটা ঈদের আগে রোজার মাসে করার কথা ছিল। কিন্তু নানা কারনে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়িচালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল, এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সে কারণেই আজকে প্রোগ্রামটা করা।’

তা ছাড়া, শোডাউনে বেশিরভাগই এলপিজি ও সিএনজিচালিত গাড়ি ছিলো বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ‘বিষয়টি আমিও দেখেছি। দেখে আমি তাকে কল দিয়েছিলাম, সে কল রিসিভ করেনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করছেন না, সেখানে এতোগুলো গাড়ি ব্যবহার করা অনুচিত। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করব। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া গেলে অবশ্যই তা নেওয়া হবে।‘

‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘সংকটকালীন সময়ে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে, সংকট উত্তরণে তাদের সবার আগে এগিয়ে আসা বা কাজ করা উচিত। সেখানে ছাত্রদল নেতা যেটা করেছে, সেটা একদমই কাণ্ডজ্ঞানহীন একটি কাজ করেছে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘স্থানীয় মিডিয়াকে ডেকে এ ধরনের কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

বৈশাখে স্নিগ্ধ অপু বিশ্বাস
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর