কক্সবাজার: জেলার টেকনাফে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জীবন চাকমা নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শনিবার (১১ এপ্রিল) ভোরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামি জীবন চাকমাকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জীবন চাকমা ওই এলাকার বাসিন্দা চাইলা মং চাকমার ছেলে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।