Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:০৫

নওগাঁর পথ বইমেলা।

নওগাঁ: ‘নওগাঁর লেখক, নওগাঁর বই’ প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজন করে স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে এ মেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পি কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐকের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান ও কবি আরিফুর রহমান।

বিজ্ঞাপন

এ ছাড়াও, উপস্থিত ছিলেন গল্পকার হাবিব রতন, কবি রোকয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, আসলাম হোসেন, গুলজার রহমান সোহাগ হোসেনসহ আরও অনেকেই।

মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত দুই শতটি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন বলেন,বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলেধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যে মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মুল লক্ষ্য।

সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল নওগাঁর সোমপুর বিহার হতে চর্য়াপদের মাধ্যমে। তা নওগাঁর মানুষ অনেকেরই অজানা। এবং বর্তমান সময়েও এ জেলার অনেক লেখক আছে যাদের বই বিশ^বিদ্যালয়ে সহায়ক বই হিসেবে পড়ানো হয়। নওগাঁয় শতাধীক কবি-সাহিত্যক প্রাবন্ধিক ও গবেষক রয়েছে। আমাদের উদ্দেশ্য তাদের দেশব্যাপী পরিচিত করা।

এ বইমেলা নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।