যশোর: শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান, তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নান পাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল উপচে ইঞ্জিনের ওপর পড়ে যায়। পরে মোটরসাইকেল স্টার্ট দিতেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্পে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।