Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২২:০৭

অভিযানের সময়কার চিত্র।

যশোর: জেলার অভয়নগরে অবৈধ ও নানা অব্যবস্থাপনায় পরিচালিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান সিলগালা এবং আরেকটিকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একইসঙ্গে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতালকে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ, পর্যাপ্ত বেডের অভাব এবং রোগীদের রেজিস্টার্ড তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসব বিষয়কে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, ‘জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’