Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আংশিক ক্ষতি হলেও উপকার বেশি: কৃষি অধিদফতর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:২৬

শিলাবৃষ্টির পরের চিত্র।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদরসহ চার উপজেলায় হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে আমসহ মাঠের ফসলের কিছু ক্ষতি হলেও সামগ্রিকভাবে এ বৃষ্টিতে উপকারই বেশি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় এ বৃষ্টি হয়। কোথাও কোথাও স্বল্পমাত্রায় ছোট আকারের শিলাবৃষ্টিও দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা ও ছোট আকারে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এ বৃষ্টিতে লাভের পরিমাণ অনেক বেশি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেসব এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে, সেসব এলাকার চাষিরা আমবাগানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন।’

পাশাপাশি ফলছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজন অনুযায়ী কীটনাশক স্প্রে করার পরামর্শও দেন তিনি।

এদিকে, জেলাজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এবং মাঠের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।