কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা থেকে প্রায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা এসব স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে প্রায় আধা কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই পাশে অভিযান চালান।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক, সওজের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কুমিল্লা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) লুৎফুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল এবং কুমিল্লা জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও অভিযানে অংশ নেন। নিরাপত্তা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অভিযানে সবজির আড়ত, হোটেল, কনফেকশনারি, কাপড় ও জুতার দোকান, মুদি দোকান, ফলের আড়ত ও ফার্নিচারসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। অনেক দোকান মালিককে তাৎক্ষণিকভাবে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
সড়ক ও জনপদ বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে একাধিকবার অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে মহাসড়কের পাশে গড়ে ওঠা এসব দোকান ধীরে ধীরে স্থায়ী রূপ নেয় এবং সড়কের জায়গা দখল করে। ফলে ওই এলাকায় প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়ক দখলমুক্ত রাখতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পুনরায় অবৈধ দখল ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে।