পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের কুরবানির ঈদের পরে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় সে। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী নিশানডোবা এলাকার আব্দুল মালেকের ছেলে। সজিব ঢাকায় একটি মাদরাসাতে পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতো।
তবে স্থানীয়দের দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ড্রেজার দিয়ে নদী থেকে বালুর তোলায় সেই গর্তে পড়ে সজিবের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে সজিব, আমিন, সুজন, সোহেল রানা ৪ বন্ধু মিলে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে। তবে সজীব সাঁতার না জানায় হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা আরেক বন্ধুও ডুবতে শুরু করলে অপর দুই বন্ধু একজনকে টেনে তুলতে সক্ষম হলেও সজীব নিখোঁজ হন।
খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। অবশেষে নিখোঁজের ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় নদীর গভীর পানি থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করা হয়।
সজিবের সঙ্গে গোসল করতে আসা আমিন বলেন, গত ৪/৫ দিন আগে সজিব ঢাকা থেকে বাড়িতে আসে। কুরবানীর ঈদের পরে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। পার্সপোর্ট ভিসার কাজ করতে এসেছিল। রোববার রাতে ঢাকায় ফেরার কথা ছিল তার। ঘটনার সময় তার বাবা বড়শশী ইউনিয়ন পরিষদে সজিবের কাগজ ঠিক করতে যায়। পরে আমরা গোসল করতে আসতে না চাইলেও সজিব জোর করে নিয়ে আসে। আমরা নদীতে গোসল করতেছিলাম। ২জন সাতার জানি দুইজন জানে না। এক পর্যায়ে সজিব নদীর স্রোতে ডুবে যাওয়া শুরু করে। আমরা তাকে টেনে তোলার চেষ্টা করেও পারিনি।
স্থানীয় মাঝি সোহরাব হোসেন বলেন, স্থানীয় বিএনপির লোকজন নদীতে ড্রেজার দিয়ে বালি তুলে গভীর গর্ত করেছে। সেখানে ডুবে আজকে ছেলেটি মারা গেছে। এর আগে, আরো ২জন ছেলে নদীতে একইভাবে মারা গেছে। আমরা এই অবৈধ বালি উত্তোলন বন্ধ চাই।
বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাই। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।