Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২১:২৩

সিলেটে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট: শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকাতে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি। এবং যতক্ষণ পর্যন্ত অর্থনীতি স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাপানের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, জাপানের সঙ্গে যৌথ অর্থনৈতিক চুক্তি সই হয়েছে। সংসদে পাশ হলে সেটি আনুষ্ঠানিকভাবে সচল হবে।

মন্ত্রী বলেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন কমার সুযোগ নাই। গ্যাসের দ্বারা পরিচালিত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহকে নিশ্চিত রেখেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় কনজাম্পশন কমায় রফতানি কমেছে। আর তৈরি পোশাকের রফতানি শুধু যে বাংলাদেশ থেকে কমেছে ব্যাপারটা তা নয়, প্রতিদ্বন্দ্বী সবগুলো রাষ্ট্রে কমেছে। এটি একটি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়।

আগামী দিনে জাপানি বিনিয়োগ বেশি বেশি আকৃষ্ট করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, অনেকগুলো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পন্ন হলে এলডিসি উত্তরণের পরেও বিভিন্ন দেশে দেশীয় পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাব।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, উৎসে দাম বেড়ে থাকলে এখানেও সেটার প্রতিফলন হবে। অন্যান্য দেশে যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই মূল্যের সমন্বয় হয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও মূল্য গ্যালনে ৪ ডলার ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, দরিদ্র রাষ্ট্র হলেও মানুষের ক্রয়ক্ষমতার ওপর যাতে মূল্যের অভিঘাত না পড়ে সেজন্য সরকার মূল্য ধরে রেখেছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আতঙ্ক একটা সংক্রামক রোগ। আতঙ্কিত আচরণ আরেকজনকে আতঙ্কিত করতে প্ররোচিত করে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। উৎসে মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, সরবারাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা রয়েছে, তাই ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে বলেন, পিক আওয়ারে বিদ্যুৎ সাশ্রয় করতে পারলে বাড়তি খরচ থেকে রক্ষা মিলবে। আপদকালীন পরিস্থিতিতে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর