Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মাদরাসা থেকে ১১ বছরের ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২০:৩৭

দারুল উলুম অ্যাকাডেমি মাদরাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার দারুল উলুম অ্যাকাডেমি মাদরাসা থেকে আলী হোসেন তাহসিন (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। মৃত তাহসিন ওই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের মো. নুর টিপুর ছেলে। সে মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহসিন বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে হিফজ পড়ার পর ঘুমিয়ে যায়। শুক্রবার ভোররাতে শিক্ষক-সহপাঠীরা তাকে পড়ার জন্য ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন

ওই মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বলেন, ‘ঘটনার পর পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে। নিউজ করতে হলে পুলিশের সঙ্গে কথা বলুন। ওখান থেকে তথ্য নিয়ে নিউজ করুন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর