রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানার এসআই রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দায়ের করেন।
মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন- বহরপুর ইউনিয়নের পুরানচর এলাকার আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩)। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া বহরপুর এলাকার হানিফ মণ্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) ও তার স্ত্রী লাভলী আক্তার (২৮)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা গেছে, রিপন মণ্ডল ও তার স্ত্রী লাভলী আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তারা মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনই প্রশাসনের মূল লক্ষ্য। মাদক সেবন ও ব্যবসায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।