Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

না.গঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২৩:৩০ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১০:২১

না.গঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এবং পার্শ্ববর্তী ঈদগাহসংলগ্ন এলাকায় বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, ‘এদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল জব্দ করা হয়। পরে তেলের ডিপো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহণকারী ব্যক্তি ৯ হাজার লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ ডিজেল ও ফার্নেস ওয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর