Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রেফতার এড়াতে ডোবায় লাফ, ৫ ঘণ্টা কাদায় আটকা ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২০:৩২ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:২৬

চট্টগ্রাম: জেলায় গ্রেফতার এড়াতে একটি ডোবায় লাফ দিয়ে কাদায় আটকে যান এক ছিনতাইকারী। এর প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ারসংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গ্রেফতারি পরোয়ানা থাকায় দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় একটি দোকান থেকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান এবং পরে সেখান থেকে নেমে ডোবায় লাফ দিলে কাদায় কোমর পর্যন্ত আটকে পড়ে তিনি বের হতে পারছিলেন না।

বিজ্ঞাপন

একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। পরে রামদা হাতে নিয়ে তিনি পুলিশকে ভয় দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকিও দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে রামদা হাতে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘ সময় বুঝিয়ে প্রায় ৫ ঘণ্টা পর তাকে ডোবা থেকে ওঠানো হয়।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন সারাবাংলাকে বলেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গেলে রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান এবং পরে আত্মহত্যার হুমকি দেন। শেষে পরিবারের মাধ্যমে বোঝানোর পর তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর