Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২৩:২১ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১১:০১

ভোলা: ঈদযাত্রা শেষে ঘরমুখো মানুষের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদে বাড়িতে আসা লাখ লাখ মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে গিয়ে কর্মস্থলে যোগদানের সুযোগ করে দেওয়াই আমাদের এখন প্রধান লক্ষ্য। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা সম্পূর্ণ নিরাপদ হোক।’

তিনি আরও বলেন, ভোলার ইলিশা লঞ্চঘাট দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর। প্রতিদিন বিপুলসংখ্যক নৌযান এ ঘাট দিয়ে চলাচল করে। তাই ঘাটটির আধুনিকায়ন সময়ের দাবি উল্লেখ করে তিনি জানান, ঈদযাত্রা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিনভর স্পিডবোটে করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর