Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ২২:০৯

কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।

রোববার (২২ মার্চ) বিকেলে সুগন্ধা সৈকতে উচ্ছেদ হওয়া এলাকা সরেজমিনে পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “আগে সরকারকে সহযোগিতা করুন, দেশের প্রতি সু-দৃষ্টি রাখুন।” তিনি আরও বলেন, পর্যটন খাত দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, তাই এ খাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ জরুরি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যাতে পুনরায় দখল বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি জমি ছাড়া অন্য কোথাও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারে না। তাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে।

তিনি আরও বলেন, আপাতত সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও পরিবেশ ঠিক রাখাই অগ্রাধিকার পাচ্ছে। পর্যটকদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কক্সবাজারের আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতের অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। যা সৈকতের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কলাতলী ও সুগন্ধা পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নিজ এলাকায় ঈদ উদযাপন উপলক্ষ্যে ৩ দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৫টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর