কক্সবাজার: জেলার টেকনাফে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা বকসু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মাসেই তার বিয়ের দিন নির্ধারিত ছিল।
প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সড়কে লবণাক্ত পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী জিপের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনিসুর।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাহপরীর দ্বীপ এলাকায় মৌসুমভিত্তিক লবণ উৎপাদনের কারণে সড়কে প্রায়ই লবণাক্ত পানি ও কাঁচামাটি পড়ে থাকে। লবণ পরিবহনের সময় নিয়ম অনুযায়ী জিওটেক্স ব্যবহার না করায় সড়ক মারাত্মক পিচ্ছিল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গুড়িগুড়ি বৃষ্টিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়ে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত জিপটি শনাক্তের চেষ্টা চলছে।