ফরিদপুর: ফরিদপুরে ঈমামের বেতন বাড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ও বাড়িঘর ভাংচুরে এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাসিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের দুলালের মোড় বাজারে কাসিমাবাদ জামে মসজিদের ইমামের ২ হাজার টাকা বেতন বৃদ্ধি নিয়ে হারুন মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ কুদ্দুস শেখের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে হারুন মাতুব্বরের পক্ষে থানা ছাত্র দলের সহ-সভাপতি সোহেল মুন্সি দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, মসজিদের ঈমামের বেতন বৃদ্ধি নিয়ে স্থানীয় মুসল্লিদের বাজারে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে সংর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেওয়া হয়।
কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ বিশ্বাস জানান, স্থানীয় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটে ও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।