কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) এর ব্যবহৃত একটি পিকআপ গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি জানাতে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় উভয় পক্ষের লোকজন রেললাইনের পাথর নিক্ষেপ করলে পুলিশের পিকআপ গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করব এবং তাদের অ্যারেস্ট করব।
এ বিষয়ে সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।