Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৮:০৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৮:১৮

বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তার পাশে রাখা একটি দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মোটরসাইকেল আরোহী মো. সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। আহত মো. আলাউদ্দিন (৪৫) বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামের বাসিন্দা।

‎বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরবর্তীতে বাসটি উদ্ধার করে মহাসড়কের পাশে রাখা হয়। সকালে বরগুনা থেকে বরিশাল যাওয়ার পথে আলাউদ্দিন নামে এক আরোহী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়কের পাশে রাখা ওই বাসটি দেখছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বাউফলগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংঘর্ষে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ও মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

অভিনেতা শামস সুমন আর নেই
১৭ মার্চ ২০২৬ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর