Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাতলী সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২০:২০

চলছে উচ্ছেদ কার্যক্রম।

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় কলাতলী সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে সৈকতের বালুচরে গড়ে ওঠা ঝুপড়ি দোকান ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কলাতলী সৈকতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মঞ্জু বিন আফনান।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতিতে অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় তাদের অস্থায়ী দোকান সরিয়ে নেন। দীর্ঘদিন ধরে ত্রিপল ও প্লাস্টিক দিয়ে তৈরি এসব ঝুপড়ি দোকান সৈকতের বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সমুদ্রসৈকতের পরিবেশ, সৌন্দর্য ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সৈকতের অন্যান্য পয়েন্টেও অবৈধ স্থাপনার বিরুদ্ধে একই ধরনের অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, বালুচরে গড়ে ওঠা এসব ঝুপড়ি দোকানের কারণে পর্যটকেরা অস্বস্তিতে পড়তেন। অনেক ক্ষেত্রে সড়ক থেকে সৈকত দেখা যেত না এবং সৈকতে নামার পথেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতো।

অভিযানের সময় সৈকতে অনুমোদিত কার্ড অনুযায়ী নির্ধারিত সংখ্যক ‘কিটকট চেয়ার’ বসানো হচ্ছে কি না, সেটিও তদারকি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় প্রথমে সুগন্ধা পয়েন্টে এবং পরে কলাতলী সৈকতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর